পরিবর্তন আনা হয়েছিল ব্যাটিং পজিশনে। তবুও ব্যর্থতার মধ্যেই আটকা লিটন দাস। সিরিজের প্রথম ম্যাচে তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে ডাক মেরে সাজঘরে ফিরেছিলেন। আর গতকাল দ্বিতীয় ম্যাচে ওপেনিংয়ে নেমে মাত্র তিন রান করেই আউট হন। যদিও এ নতুন কিছু নয়।
এ সফরে এখন পর্যন্ত সব ম্যাচেই লিটন ছিলেন ব্যর্থ। দৃষ্টিকটুভাবেই প্রত্যেক ম্যাচেই আউট হয়েছেন, হতাশ করেছেন সমর্থকদের। সব মিলিয়ে দলের টপঅর্ডারের এই ব্যাটারের এমন অফফর্ম আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির আগে খানিকটা চিন্তায় ফেলছে দলকে। যদিও টাইগার নির্বাচক আব্দুর রাজ্জাকের মতে লিটনের রানখরা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই।
বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর শুরু হয় দুই ম্যাচ টেস্ট সিরিজ দিয়ে। ঐ সিরিজে তিনি চার ইনিংসে ব্যাট হাতে নেমেও ছিলেন ব্যর্থ। এরপর তিন ওয়ানডে ও দুই টি-টোয়েন্টি চলমান সিরিজে সীমিত ওভারের ক্রিকেটে পাঁচ ম্যাচের কোনোটিতেই দুই অঙ্ক ছুঁতে পারেননি লিটন। তার মধ্যে রয়েছে দুটি ০ রানের ইনিংস, আর সর্বোচ্চ চার রানের ইনিংস। সব মিলিয়ে দেখলে এই উইকেটরক্ষক ব্যাটার ব্যাট ব্যর্থতার চরম পর্যায়ে রয়েছেন।
তবুও বিসিবির নির্বাচক রাজ্জাক তাকে নিয়ে খুব বেশি চিন্তিত নন। গতকাল দুপুরে সিলেটে গণমাধ্যমকে বিসিবি নির্বাচক বলেন, ‘সবসময় রান করতে হবে এমন কোনো কথা নেই। কয়েকটা ম্যাচ যায় এই রকম। তাই খুব একটা দুশ্চিন্তাতে নেই এই বিষয়টা নিয়ে। কারণ জাতীয় দল হলো বেশ খোলা একটা জায়গা। এখানে আসলে রান না করলেও নিজেই বুঝতেছে, লিটনকে আমার বলার কিছু নেই যে আমি কিন্তু খুশি না। যদিও অনেক দিন রান না করে তাহলে ও নিজেই অখুশি থাকবে, আমার থেকে বেশি। তো তার থেকে আর বড় কী হতে পারে। আমি বিশ্বাস করি, অবশ্যই ও নিজের সর্বোচ্চটা দিয়ে ফের রানে ফিরবে।’
তবে ব্যাটিংয়ে ব্যর্থ হলেও অধিনায়ক হিসেবে লিটনের সময়টা ভালো যাচ্ছে। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত চোটের কারণে না থাকায় চলমান সিরিজে নেতৃত্ব দিচ্ছেন লিটন। তার নেতৃত্বেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দুই ম্যাচের দুটিতে জিতেছে বাংলাদেশ। এক ম্যাচ হাতে রেখে এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজের মাঠে তাদের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ।
লিটনের নেতৃত্ব নিয়ে রাজ্জাক বলেন, ‘নিসন্দেহ ভালো করছে। ঐখানে দুইটা ম্যাচে নেতৃত্ব দিয়েছে সবগুলোতেই জিতেছে তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন ওঠার কথা না। আর তার পরিবর্তনগুলো (বোলিংয়ে) বেশ উল্লেখযোগ্য আমার কাছে মনে হয়েছে। আর ওর বেশ অভিজ্ঞতাও রয়েছে জাতীয় দলে খেলার। একজন অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে সে তার দায়িত্ব ভালোভাবেই পালন করছে। সব মিলিয়ে আমি ওর নেতৃত্ব বেশ উপভোগ করছি।’
দৈনিক বিডি নিউজ / সাইফুল