একটি বছর শেষ হওয়া মানে নতুন আরেকটি বছরের শুরু। ফেলে আসা দিনগুলোর পথ বেয়ে আসে নতুন বছর। প্রতিটি মানুষের উচিত, ফেলে আসা দিনগুলোর কথা ভেবে চিন্তিত হওয়া এবং নতুন বছরের জন্য সুন্দর পরিকল্পনা করা। তবে দুঃখজনক হলো, কিছু মানুষ নতুন বছরের শুরুর দিনে বল্গাহারা হয়ে যান। সুন্দর মুহূর্তগুলো অপ্রীতিকর ও অনৈতিক কাজকর্মের মাধ্যমে নষ্ট করেন। তাঁরা ভুলে যান নববর্ষ একটি বছরের সূচনা; সামনের দিনগুলোয় কী অপেক্ষা করছে, কেমন হবে নতুন বছর, তা কেউ জানে না। সুতরাং নতুন বছরটি যাতে ভালোভাবে কাটানো যায় এবং বিগত বছরের হারিয়ে যাওয়া দিনগুলোর ভুলত্রুটি নিয়ে ভাবতে হবে। অর্থাৎ আলোকোজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণের জন্য প্রয়োজন আত্মসমালোচনা ও অত্যধিক অনুশোচনার।
থার্টি ফার্স্ট নাইট উদ্যাপনের নামে কোনো ধরনের পাপাচার ও অশ্লীল কার্যকলাপ ইসলাম সমর্থন করে না। এর মাধ্যমে বরং বছরের প্রথম প্রহরটি পঙ্কিল করা হয়। ইসলাম সুস্থ বিনোদনচর্চায় উৎসাহ দেয়। তবে অশ্লীলতা, কদর্য আচরণ, প্রবৃত্তির অনুসরণ ও অনৈতিকতার সঙ্গে কখনো সমঝোতা করে না। তাই প্রত্যেক মুসলিমের উচিত, অতীতের পাপের মার্জনা চেয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। ভবিষ্যৎ দিনগুলো যাতে সুন্দর, সমৃদ্ধ ও পুণ্যময় হয়—সে জন্য দোয়া করা।