সাবেক এমপি সোলায়মান পরিবারের ৩৫ ব্যাংক হিসাব অবরুদ্ধ

 

চুয়াডাঙ্গা-১ আসনের সাবেক এমপি সোলায়মান হক জোয়ার্দার ওরফে ছেলুন জোয়ার্দার, তার স্ত্রী আক্তারি জোয়ার্দার ও মেয়ে তাবশিনা জান্নাতের নামে থাকা ৩৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে সাবেক এমপি সোলায়মানের নামে থাকা চারটি সঞ্চয়পত্র অবরুদ্ধের নির্দেশনা দেওয়া হয়েছে।

 

সোমবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. ইব্রাহিম মিয়া।

এর মধ্যে সোলায়মানের নামে ১৭টি, তার স্ত্রী আক্তারীর নামে ১৩টি ও তাবশিনার নামে পাঁচটি ব্যাংক হিসাব রয়েছে।

আজ দুদকের সহকারী পরিচালক মাহমুদুল হাসান ওই আবেদন করেন। শুনানি করেন দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মীর আহমেদ আলী সালাম। শুনানি শেষে আবেদনটি মঞ্জুর করেন আদালত।

আবেদনে বলা হয়েছে, সোলায়মান জোয়ার্দার ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করে নিজ নামে এবং পরিবারের সদস্যদের নামে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করেছেন। অনুসন্ধানকালে বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জানা গেছে, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি সঞ্চয়ী, চলতি ও এফডিআরসহ অন্যান্য অ্যাকাউন্টের অস্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন।

আবেদনে আরও বলা হয়, অনুসন্ধান নিষ্পত্তির আগে সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে পরবর্তী সময়ে টাকা উদ্ধার করা দুরূহ হয়ে পড়বে। তাই সোলায়মান ও তার পরিবারের সদস্যদের স্বার্থসংশ্লিষ্ট হিসাবগুলো জরুরি ভিত্তিতে অবরুদ্ধ করা আবশ্যক।

 

দৈনিক বিডি নিউজ / সাইফুল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *