পল্লীকবি জসীম উদ্দীনের ছেলের মৃত্যু

 

পল্লীকবি জসীমউদ্দীনের মেঝ ছেলে ড. জামাল আনোয়ার বাসু (৮২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

 

পারিবারিক সূত্র জানায়, রাতে তার মরদেহ ঢাকা থেকে ফরিদপুর এনে শহরতলীর অম্বিকাপুরের গোবিন্দপুর গ্রামে পল্লীকবি জসীমউদ্দীনের পৈত্রিক নিবাস সংলগ্ন পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে।

গত ২৩ ডিসেম্বর নিজ বাড়িতে বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাতপ্রাপ্ত হন জামাল আনোয়ার। পরবর্তীতে তাকে ফরিদপুর ডায়াবেটিস মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

ড. জামাল আনোয়ার জার্মানিতে আর্সেনিক বিশেষজ্ঞ হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তিনি বছরের বিভিন্ন সময় জার্মান, ঢাকা ও ফরিদপুরে বসবাস করতেন।

জামাল আনোয়ার দুটি বিবাহ করেছিলেন। তার প্রথম স্ত্রী জার্মানির প্রবাসী। তিনি ২০২১ সালে জার্মানিতে মৃত্যুবরণ করেন। প্রথম ঘরে একটি ছেলে আনদ্রে আনোয়ার জার্মানি প্রবাসী তবে বর্তমানে বাংলাদেশে আছেন। দ্বিতীয় স্ত্রী রাজিয়া আনোয়ার বাংলাদেশি। দ্বিতীয় স্ত্রীর দুই মেয়ে মধুমালা জসীমউদ্দীন ও নকশি আনোয়ার জসীমউদ্দীন।

দৈনিক বিডি নিউজ / সাইফুল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *