জবাবদিহিমূলক সরকার ও কার্যকর সংসদই জনগণের রাজনৈতিক শক্তি রক্ষা করতে পারে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জাতীয় ঐক্য সুসংহত করতে কর্মসংস্থানের ওপরও গুরুত্বারোপ করেছেন তিনি।
তারেক রহমান বলেন, ‘বৈষম্য ও বিভাজনমুক্ত বাংলাদেশ গড়তে এই ঐক্যকে কাজে লাগাতে হবে। আমাদের মনে রাখতে হবে, জনগণের ক্ষমতায়ন ছাড়া জাতীয় ঐক্য শক্তিশালী বা টেকসই হতে পারে না।’
তিনি বলেন, ‘জনগণের রাজনৈতিক শক্তি সত্যিকার অর্থে তখনই সুরক্ষিত হয়, যখন জবাবদিহিমূলক সরকার ও কার্যকর সংসদ মিলেমিশে কাজ করে।’
তিনি বলেন, স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদের প্রত্যাবর্তন থেকে রাষ্ট্র ও সরকারকে রক্ষা করতে হলে দৈনন্দিন চর্চায় গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি লালন করা নিয়ম ও বিধান মেনে চলার মতোই গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, ‘ফ্যাসিবাদমুক্ত পরিবেশে উদযাপিত এই বিজয় দিবস নিঃসন্দেহে আরও আনন্দের, গৌরবময় ও তাৎপর্যপূর্ণ। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, বাংলাদেশের প্রতিটি স্বাধীনতা ও বিজয় দিবস জনগণের প্রতি রাষ্ট্র ও সরকারের দায়বদ্ধতার অঙ্গীকারের প্রতীক হয়ে থাকবে।’
দৈনিক বিডি নিউজ / সাইফুল