আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে আবারও টেলিভিশন বিতর্কে মুখোমুখি হচ্ছেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ২৩ অক্টোবর মার্কিন সংবাদমাধ্যম সিএনএনে এই বিতর্ক হওয়ার কথা রয়েছে। তবে ট্রাম্প এখনো সেই আমন্ত্রণ গ্রহণ করেননি।মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্পের বিরুদ্ধে কমলা হ্যারিস আরেকটি বিতর্কে অংশ নেওয়ার আমন্ত্রণ গ্রহণ করেছেন বলে জানিয়েছে ডেমোক্রেটিক প্রার্থীর নির্বাচনী প্রচার দপ্তর। তারা রিপাবলকিান প্রতিদ্বন্দ্বিকে ৫ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনের দু সপ্তাহের কম সময়ের আগে তার মুখোমুখি হতে বলছেন।
এক বিবৃতিতে হ্যারিসের নির্বাচনী অভিযানের চেয়ারম্যান জেন ও’ ম্যালি ডিলান বলেন, “ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আরও একবার একই মঞ্চে দাঁড়ানোর সুযোগ নিতে চান হ্যারিস এবং তিনি ২৩ অক্টোবর বিতর্কে অংশ নিতে সিএনএন’এর আমন্ত্রণ গ্রহণ করেছেন। এই বিতর্কে অংশ নিতে ডোনাল্ড ট্রাম্পেরও কোন অসুবিধা হবার কথা নয়।’
সিএনএন ‘এর আমন্ত্রণ যে হ্যারিস গ্রহণ করেছেন সে সম্পর্কে প্রশ্ন করা হলে, ট্রাম্পের একজন মুখপাত্র রিপাবলিকান এই সাবেক প্রেসিডেন্টের আগের বক্তব্য সামনে এনে বলেন যে আর কোন বিতর্ক হবে না।
১০ সেপ্টেম্বর হ্যারিস ও ট্রাম্প প্রথমবার পরস্পরের বিরুদ্ধে বিতর্কে অংশ নেন এবং জরিপে দেখা যাচ্ছে যে ডেমোক্র্যাটিক প্রার্থী হ্যারিস এতে জয়ী হন।
গত সপ্তাহে ট্রাম্প বলেন যে নির্বাচনের আগে তিনি হ্যারিসের বিরুদ্ধে আর কোন বিতর্কে অংশ নেবেন না। গত বৃহস্পতিবার তার সামাজিক মাধ্যমের ক্ষেত্র ট্রুথ সোশ্যালে এই সাবেক প্রেসিডেন্ট লেখেন, ‘তৃতীয় বিতর্ক আর হবে না’।
হ্যারিসের সঙ্গে বিতর্কে অংশগ্রহণের আগে ট্রাম্প প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বিতর্কে অংশ নেন। বাইডেন পরে জুলাই মাসে এই প্রতিদ্ধন্দ্বিতা থেকে সরে দাড়ান।