ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্তজ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, তার দেশ এখন ‘সুষ্পষ্ট নীতি’ নিয়ে এগিয়ে যাচ্ছে। সেটা হলো হামাসকে চাপে রাখার ‘হাতিয়ার’ হিসেবে গাজায় সব ধরনের মানবিক সহায়তাসামগ্রী প্রবেশ পুরোপুরি বন্ধ রাখা।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ওই হামলায় ১ হাজার ২০০ মানুষ নিহত হন। সেই সঙ্গে ২৫১ জনকে বন্দী করে গাজায় নিয়ে যায় হামাস। ওই দিন রাত থেকে গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য, ১৮ মাস ধরে চলা যুদ্ধে গাজা উপত্যকায় নারী ও শিশু মিলিয়ে ৫১ হাজার ২৫ জন নিহত হয়েছেন। আহতের সংখ্যা ১ লাখ ১৬ হাজার ছাড়িয়ে গেছে।
গাজায় রাতভর ইসরায়েলি হামলা, নিহত ৩৫
গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, ইসরায়েলি বিমান হামলার একটি ঢেউ গাজা অঞ্চলজুড়ে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের একাধিক শিবিরে আঘাত করেছে। ফলে কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছে।
সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরের আল-মাওয়াসি এলাকায় গত রাতভর চালানো এক হামলায় বেশ কয়েকটি তাঁবু ধ্বংস হয়। এর ফলে ১৬ জন নিহত হয়। তিনি এএফপিকে বলেন, খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত পরিবারের আবাসস্থলে দুটি ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের সরাসরি হামলায় কমপক্ষে ১৬ জন শহীদ হয়েছেন। তাদের বেশিরভাগই নারী ও শিশু। এই হামলায় ২৩ জন আহত হয়েছেন।
মুখপাত্র বাসালের মতে, বাস্তুচ্যুত মানুষের অন্যান্য শিবিরে আরও দুটি হামলায় ৮ জন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়। বাসাল আরও বলেন, উত্তরাঞ্চলীয় শহর বেইত লাহিয়ায় তাঁবুতে হামলায় ৭ জন নিহত হয়েছেন। অন্যদিকে আল-মাওয়াসি এলাকার কাছে আরেকটি হামলায় তাঁবুতে বসবাসকারী এক বাবা এবং তার সন্তান নিহত হয়।
গাজা সীমান্তে ইসরায়েলের বোমাবর্ষণ
ফিলিস্তিনের গাজা সীমান্তে এবার নিজেদের বাসিন্দাদের ওপর বোমাবর্ষণ করল ইসরায়েলি বিমানবাহিনী। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিরুদ্ধে হামলা চালাতে গিয়ে ইসরায়েলি যুদ্ধবিমান ইহুদি বসতির ওপরেই বোমাবর্ষণ করে বসল! বুধবার সকালের ওই ঘটনার পরেই অবশ্য সাফাই দিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সেনাবাহিনী (আইডিএফ)।
তাদের যুক্তি, প্রযুক্তিগত ত্রুটির কারণেই গাজা সীমান্তের দু’কিলোমিটার দূরে ইতজাকের কাছে ইসরায়েলি ভূখণ্ডের ওপর যুদ্ধবিমান থেকে কয়েকটি বোমা পড়ে গিয়েছে!
ঘটনাচক্রে, নেতানিয়াহুর গাজা সফরের দিনেই ঘটেছে এই বিপত্তি। অন্যদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্তজ জানিয়েছেন, যুদ্ধ পরিস্থিতিতে বিভিন্ন শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া ফিলিস্তিনিদের জন্য কোনও আন্তর্জাতিক মানবিক সাহায্য পাঠানোর অনুমতি দেওয়া হবে না। কার্তজ বলেন, হামাসের উপর চাপ বাড়াতেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। তবে সেই সঙ্গেই গাজায় মোতায়েন সেনাদের গতিবিধি নিয়ন্ত্রণের বার্তা দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী।
এবার ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নিশানা গাজা ভূখণ্ডের একেবারে দক্ষিণ প্রান্ত রাফা। সেখান থেকে ফিলিস্তিনিদের সরে যাওয়ার হুমকি দেওয়া হয়েছে ইতিমধ্যেই। সেখানে সেনা অভিযান শুরু হলে বহু ফিলিস্তিনির হতাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে চলতি সপ্তাহে গাজায় যুদ্ধবিরতির জন্য নতুন প্রস্তাব এসেছে ইসরায়েলের তরফে। ওই প্রস্তাব অনুযায়ী, হামাস যদি ১০ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয়, তবে বিনিময়ে কয়েকশো ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে তেলআবিব।
আল-আকসার ভাগাভাগি শুরু?
ইসরায়েল রেকর্ডসংখ্যক ১৮০ জন ইহুদি উপাসককে পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ চত্বরে প্রবেশের অনুমতি দিয়েছে। এটিই এখন পর্যন্ত চত্বরে ইহুদি প্রবেশের সর্বোচ্চ নজির। বুধবার নিরাপত্তা বাহিনীর পাহারায় উপাসকরা প্রবেশ করে প্রার্থনা করে, যেখানে সাধারণত একসঙ্গে ৩০ জনের বেশি ইহুদিকে প্রবেশ করতে দেওয়া হতো না।
ঘটনাটিকে ‘ভীতিকর ও নজিরবিহীন’ বলে মন্তব্য করেছেন ইসলামিক ওয়াকফের আন্তর্জাতিক বিভাগের পরিচালক আওনি বাজবাজ। তিনি বলেন, ‘আমরা এমন পরিস্থিতির মুখোমুখি হচ্ছি যা আগে কখনো হয়নি।’
মুসলিম উপাসকদের ওই সময় প্রবেশ করতে দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। ওয়াকফ কর্তৃপক্ষ আশঙ্কা করছে, এর মাধ্যমে আল-আকসার ‘স্থিতাবস্থা’ পরিবর্তনের চেষ্টা চলছে। ইসরায়েলি পুলিশ জানিয়েছে, সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়েই টেম্পল মাউন্টে (আল-আকসা চত্বর) প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।
আল-আকসা মসজিদ মুসলিমদের জন্য তৃতীয় পবিত্রতম স্থান। এটি আন্তর্জাতিকভাবে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড হিসেবে স্বীকৃত, যদিও ইসরায়েল ১৯৬৭ সাল থেকে এলাকা দখল করে রেখেছে। সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েলি উগ্রপন্থি নেতারা আল-আকসায় ইহুদি উপাসনার পক্ষে প্রচার চালাচ্ছেন। আশঙ্কা করা হচ্ছে, হেবরনের ইব্রাহিমি মসজিদের মতো বিভাজনের দিকেই পরিস্থিতি এগোচ্ছে।
দৈনিক বিডি নিউজ / সাইফুল