যুবলীগ নেতার বাড়ি থেকে আগুনে পোড়া নারীর লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় যুবলীগ নেতার বাড়ি থেকে মঙ্গলবার আগুনে পোড়া মাথাবিহীন এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্তের স্বীকারোক্তিতে দুপুরের দিকে উপজেলার একটি পুকুর থেকে ওই নারীর মাথা উদ্ধার করা হয়।

 

নিহত নারী হলেন-উপজেলার হীরাপুর এলাকার নুরুল ইসলাম বেপারীর স্ত্রী হরলুজা বেগম (৫০)।

এলাকাবাসী জানান, উপজেলার গাজীর বাজার এলাকার এক ব্যক্তির বাড়ি থেকে রাজহাঁস চুরি হয়। গতকাল সকাল সাতটার দিকে চুরি হওয়া হাঁস খুঁজতে এসে দক্ষিণ ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ ভুইয়ার পরিত্যক্ত টিনের ভাঙা ঘর থেকে ধোঁয়ার গন্ধ বের হতে দেখেন। সেখানে থাকা তার ছেলে ফারহান রনি জানায়, সে পাতা পোড়া দিয়েছে। এ কথায় বিশ্বাস না হলে হাঁসের মালিক দুই ভাই এনামুল ও রোমান এবং তাদের চাচাতো ভাই উবায়দুল ঘরের ভেতরে দেখতে চায়। এ সময় ফারহান ক্ষুব্ধ হয়ে তাদের মারার হুমকি দেয়।

এতে সন্দেহ হলে গ্রামের লোকজনকে নিয়ে গর্তে পুড়তে থাকা লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ গর্ত থেকে আগুনে পোড়া মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার করে। হাতে চুড়ি থাকায় দেহটি নারীর বলে ধারণা করা হয়। ঘটনাস্থলে থাকা ফারহানকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

পরে আটক ফারহান জানায়, ভোর বেলায় ওই নারীকে ডেকে নিয়ে যায়। পরে পুলিশ তার দেওয়া তথ্য মতে একটি পুকুর থেকে আগুনে পোড়া নারীর মাথা উদ্ধার করে। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে, এ বিষয়ে বিস্তারিত জানাতে পারেনি।

আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) শাহীনূর ইসলাম জানান, একজন নারীকে পুড়িয়ে ফেলা হয়েছে। তার দেহের বেশিরভাগ অংশ পুড়ে গেছে। পরে আটক ফারহানের দেওয়া তথ্যমতে মাথা উদ্ধার করে পরিচয় শনাক্ত করা হয়। সে এলাকার চিহ্নিত মাদকসেবী। কীভাবে কী ঘটানো হয়েছে, তা জানার চেষ্টা চলছে।

 

দৈনিক বিডি নিউজ / সাইফুল

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *