বগুড়ায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তিন নেতা গ্রেফতার

বগুড়ার শেরপুরে বিএনপির সাবেক এমপি আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজের নির্বাচনি প্রচারণার গাড়ি বহরে হামলা-ভাঙচুরের মামলায় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।আজ রবিবার (১৫ ডিসেম্বর) দুপুরে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম এ তথ্য জানান। এর আগে শনিবার (১৪ ডিসেম্বর) রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন-উপজেলার গাড়ীদহ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হাফিজুর রহমান টিটু (৩৫), মির্জাপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মাসুদ রানা (৩৯) এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মির্জাপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম (৩৩)।

মামলা সূত্রে জানা যায়, বিগত ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ছিলেন আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজ। তিনি ২০১৮ সালের ২৪ ডিসেম্বর বেলা আড়াইটার দিকে দলীয় নেতাকর্মীদের নিয়ে নির্বাচনি প্রচারণার উদ্দেশ্যে বের হন। একপর্যায়ে উপজেলার কুসুম্বী ইউনিয়নের গোসাইবাড়ী বটতলা নামক স্থানে মামলায় অভিযুক্তরা অস্ত্রসস্ত্রে সর্জিত হয়ে বিএনপির ওই প্রার্থীর প্রচারণার গাড়িবহরে হামলা চালায়। এসময় বেশকয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে বিএনপির নেতাকর্মীদের ছত্রভঙ্গ করা হয়।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় জড়িত থাকার প্রমাণ পাওয়ায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ওই তিনজনকে গ্রেফতার করা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *