ফরিদপুরের সালথায় অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার গট্রি ইউনিয়নের কাউলীকান্দা কেষ্টখালী ব্রিজ সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কাউলীকান্দা গ্রামের হাফেজ মোল্লার জমিতে ২৪ বছর বয়সী এক নারীর লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। লাশের গলায় তার পেঁচানো অবস্থায় ফাঁস দেওয়া ছিল। পুলিশের ধারণা, রাতের যে কোন সময় তাকে মেরে লাশটি ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
সালথা থানার ওসি আতাউর রহমান বলেন, ‘ধারণা করা হচ্ছে দূরে কোথাও মেরে অজ্ঞাত ওই নারীকে এখানে ফেলে রেখে চলে গেছে দুর্বৃত্তরা। আমরা মরদেহটি এখনো শনাক্ত করতে পারিনি। মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করছি। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
দৈনিক বিডি নিউজ / সাইফুল