নারায়ণগঞ্জে হোসিয়ারি শ্রমিককে কুপিয়ে হত্যা

 

নারায়ণগঞ্জের ফতুল্লার শিয়াচরে সিয়াম (১৮) নামে এক হোসিয়ারি কারখানার শ্রমিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

শুক্রবার রাতে শিয়াচর তক্কার মাঠ এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত সিয়াম ফতুল্লা থানার পিলকুনী পাচতলা বরিশাল টাওয়ার সংলগ্ন আব্দুল হালিম মিয়ার ছেলে।

সিয়ামের সহোযোগীরা অভিযোগ করে বলেন, পূর্ব শত্রুতার জের ধরে রাতে প্রতিপক্ষের লোকজন পিলকুনী পাঁচতলার সামনে থেকে সিয়ামকে অটোরিকশা যোগে তক্কার মাঠ মসজিদ সংলগ্ন খানকা মাঠে নিয়ে যান। সেখানে নিয়ে গিয়ে তাকে কুপিয়ে পুনরায় রিকশায় করে পাচঁতলার সামনে ফেলে দিয়ে যান। পরে স্থানীয়রা তাকে রাস্তা থেকে তুলে শহরের খানপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত সিয়ামের মা কাঞ্চন বলেন, রাতে সিয়ামকে ফোন করলে সে আমাকে বলে বাসায় ফিরতে রাত ১০টা বাজতে পারে। কিছুক্ষণ পর দুই থেকে তিনজন ছেলে বাসায় এসে জানায় সিয়ামকে সন্ত্রাসীরা কুপিয়েছে। তবে কারা কী কারণে কুপিয়ে আমার ছেলেকে হত্যা করেছে, এই মুহূর্তে বলতে পারছি না। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, সিয়াম নামে এক হোসিয়ারি শ্রমিককে কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার রহস্য উদঘাটনসহ জড়িতদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

 

দৈনিক বিডি নিউজ / সাইফুল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *