চুয়াডাঙ্গায় টানা দুই দিন ধরে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। শনিবার সকাল ৯টায় চুয়াডাঙ্গার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৫ শতাংশ।
শৈতপ্রবাহের প্রভাবে চুয়াডাঙ্গার খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষের জীবনে দুর্ভোগ নেমে এসেছে। উত্তরের কনকনে হিমেল হাওয়ার প্রভাবে কাজে যেতে পারছেন না শ্রমজীবী মানুষ। কয়েকদিন যাবৎ মধ্যরাত থেকে চুয়াডাঙ্গায় শীতের তীব্রতা বাড়ছে এবং তা চলে বেলা ১০টা-১২টা পর্যন্ত।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জানায়, অগ্রহায়ণের শেষ দশক থেকে চুয়াডাঙ্গায় শীত শুরু হয়েছে। পৌষ আসার আগেই এসেছে মৃদু শৈত্যপ্রবাহ। ক্রমেই শীতের তীব্রতা বাড়ছে। ধীরে ধীরে তাপমাত্রা আরো কমবে। তাছাড়া ভৌগলিক কারণেই চুয়াডাঙ্গা জেলায় শীত বেশি পড়ে।