কক্সবাজারের চকরিয়ায় ট্রাক ভর্তি ৪০ বস্তা টিএসপি সার জব্দ করেছে পুলিশ।
বুধবার রাত পৌনে ৯টার দিকে উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড কাসেম আলী মিয়াজি পাড়া এলাকা থেকে এসব সার জব্দ করা হয়।
জানা গেছে, বুধবার রাত পৌনে ৯টার দিকে পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড কাসেম আলী মিয়াজি পাড়া এলাকায় সড়কের পাশে ট্রাক ভর্তি সার দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে ৪০ বস্তা টিএসসি সারসহ ট্রাকটি জব্দ করে মাতামুহুরি পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে যায় পুলিশ।
চকরিয়া উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ট্রাক চালক সারগুলো পাচারের উদ্দেশ্যে মহেশখালী উপজেলায় নিয়ে যাচ্ছে বলে স্বীকার করেছেন। রাতে সার সরবরাহ করা হচ্ছে কেন, এমন প্রশ্নের জবাবে পূর্ব বড় ভেওলা ইউনিয়ন সার ডিলার সরোয়ার এন্ড সন্স এর মালিক মিনহাজ উদ্দিন কোনও সদুত্তর দিতে পারেননি। এছাড়া সার ডিলারকে নোটিস দেওয়া হয়েছে। আগামী তিন কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
চকরিয়া থানার ওসি মনজুর কাদের ভুঁইয়া বলেন, জব্দ সার তালিকা তৈরি করে আদালতে পাঠানো হয়েছে।