গাইবান্ধায় সড়ক অবরোধ করে ব্যবসায়ী হত্যার বিচার দাবি

 

গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর বাজারের হোমিওপ্যাথিক ওষুধ ব্যবসায়ী শামীম আহমেদ হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ করেছে বিক্ষোভ করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে গাইবান্ধা-সুন্দরগঞ্জ আঞ্চলিক সড়কের সদর উপজেলার ঠাকুরের দিঘী এলাকায় দু’ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে এ বিক্ষোভ করা হয়। এতে ওই সড়কে সবধরণের যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

পরে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুল ইসলাম শাহীনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে আসামিদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ তুলে নেয়।

সড়ক অবরোধ কর্মসূচিতে বক্তব্য রাখেন খোলাহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম হক্কানী, সাবেক ইউপি সদস্য মোজাহিদুল ইসলাম মৃদুল, এলাকাবাসী সোহেল রানা, ব্যবসায়ী রফিকুল ইসলাম মিলন, শামীম মন্ডল, জুয়েল রানা, রাশেদ মিয়া, হান্নান সরকার, আতাউর রহমান, নিহত শামীমের চাচা মাসুদ রানা প্রমুখ।

বক্তারা শামীম আহমেদ হত্যার সঙ্গে জড়িত কিশোর গ্যাং নেতাসহ আসামিদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।

এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) সাইদুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। শামীমকে ছুরিকাঘাতে হত্যার সঙ্গে জড়িত আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

এর আগে গত ১৮ ডিসেম্বর গাইবান্ধা সদর উপজেলার উত্তর খোলাহাটী এলাকার ডা. শফিউল ইসলাম রঞ্জুর ছেলে শামীম আহমেদ একটি কিশোর গ্যাংয়ের বখাটের মারপিটে গুরুতর আহত হন। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে তিনি মারা যান।

 

দৈনিক বিডি নিউজ / সাইফুল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *