ইলিয়াস আলী নিখোঁজের ১৩ বছর আজ, সিলেটে বিএনপির নানা কর্মসূচি

বিএনপির নিখোঁজ নেতা ইলিয়াস আলী

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর ‘নিখোঁজ’ হওয়ার ১৩ বছর পূর্ণ হচ্ছে আজ বৃহস্পতিবার। দীর্ঘ এ সময় ধরে পরিবার থেকে শুরু করে বিএনপির নেতা-কর্মীরা ইলিয়াস আলীর ফেরার আশায় রয়েছেন। তবে এখনো তাঁর সন্ধান মেলেনি। তাঁকে অক্ষত অবস্থায় ফিরে পেতে আজ সিলেট বিএনপি ও দলের সহযোগী সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি পালন করবে।

গতকাল বুধবার রাত পৌনে আটটার দিকে প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন ইলিয়াস আলীর ব্যক্তিগত সচিব ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো. ময়নুল হক। তিনি বলেন, ‘১৩ বছর ধরে ইলিয়াস আলীর ফেরার প্রতীক্ষায় রয়েছি। তাঁর মা, স্ত্রী-সন্তান, স্বজন, বিএনপির নেতা-কর্মীসহ সিলেটের আপামর মানুষ তাঁর ফিরে আসার প্রতীক্ষায় আছেন। তাঁকে অক্ষত ফিরে পেতে বৃহস্পতিবার সিলেট, ওসমানীনগর, গোয়ালাবাজার ও বিশ্বনাথে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।’

স্থানীয় বিএনপি সূত্রে জানা যায়, নিখোঁজ ইলিয়াস আলীকে অক্ষত ফিরে পেতে সিলেট জেলা বিএনপির উদ্যোগে আজ বেলা সাড়ে ১১টায় নগরের কোর্ট পয়েন্ট এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হবে। পরে দুপুর ১২টায় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হবে। এ ছাড়া বাদ আসর সিলেটের ওসমানীনগর এবং গোয়ালাবাজারে মিলাদ ও দোয়া মাহফিল করবে স্থানীয় বিএনপি। একই কর্মসূচি বিশ্বনাথ উপজেলায়ও পালিত হবে।

স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা বলছেন, সিলেট-২ (ওসমানীনগর ও বিশ্বনাথ) আসনে টানা তিনবার নির্বাচন করেছিলেন ইলিয়াস। এই নেতা বিজয়ী হয়েছিলেন দুবার। ২০০১ সালের আগে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান ছিলেন সিলেট বিএনপির একক নেতা। এরপর ইলিয়াস আলীর উত্থান হলে দুই ধারায় সক্রিয় ছিল সিলেট বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো। পরে ২০০৯ সালের ৫ সেপ্টেম্বর এক সড়ক দুর্ঘটনায় সাইফুর রহমানের মৃত্যু হলে ইলিয়াস আলী সিলেট বিএনপির একক নেতায় পরিণত হন। পরে ইলিয়াস নিখোঁজ হলে তাঁর অনুপস্থিতিকে দলীয় শক্তি হিসেবেই দল কাজে লাগানোর চেষ্টা করছে।

সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ইলিয়াস আলীকে গুম করেছে। তাঁর গুম হওয়ার পর থেকেই আমরা ইলিয়াস আলীকে অক্ষত অবস্থায় খুঁজে বের করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে আসছি। অথচ ১৩ বছরেও তাঁর সন্ধান মেলেনি। আমরা দ্রুততার সঙ্গে ইলিয়াস আলীর সন্ধান চাই।

 

দৈনিক বিডি নিউজ / সাইফুল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *